স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ৩ : খাওয়াদাওয়ার নিদানের পর এবার দেবদেবীর মূর্তি নিয়ে আপত্তিকর মন্তব্য। এবার নতুন করে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের তরুণ সন্ন্যাসী বাগেশ্বর বাবা তথা ধীরেন্দ্র শাস্ত্রী (Dhirendra Krishna Shastri)। রামের গুণগান করতে গিয়ে কৃষ্ণকে ‘অপমান’ করে বসলেন তিনি। তাঁর কথায়, ‘‘কৃষ্ণের বাঁশি কোনও কাজের নয়, রামের ধনুকই আসল।” এনিয়ে প্রতিবাদের ঝড় উঠতেই তড়িঘড়ি ক্ষমা চেয়ে ড্যামেজ কন্ট্রোল করতে নামলেন বাগেশ্বর বাবা। তবে তাতেও সমালোচনা বিশেষ এড়াতে পারেননি তিনি। এর আগে কলকাতায় এসে দুর্গাপুজোয় আমিষভোজীদের ‘পাখণ্ডী’ বলে বাঙালির ভাবাবেগে আঘাত করার অভিযোগে বিদ্ধ হয়েছিলেন বাগেশ্বর বাবা।
মধ্যপ্রদেশের শিবপুরীতে ‘রামকথা’ অনুষ্ঠানে বাগেশ্বর বাবা রাম ও কৃষ্ণের তুলনা করছিলেন। সেসময়ই বিতর্কিত সব মন্তব্য করে বসেন তিনি। শ্রীকৃষ্ণের বংশীধারী মূর্তি নিয়ে অশ্রদ্ধাপূর্ণ মনোভাব প্রকাশ করেন। তাঁর কথায়, ‘‘তোমাদের কৃষ্ণ তো বাঁকা, আমাদের রামকে দেখো। তিনি চলেন সোজা, কাজ করেন সোজা, তাঁর নামটাও অতি সহজ। নিজের দৃঢ়তা বজায় রাখেন সবক্ষেত্রে। আর কৃষ্ণের মূর্তি দেখো। ঘাড়, কোমর বাঁকিয়ে বাঁশি বাজাচ্ছেন! বাঁশি যে কেউ বাজাতে পারে, ভগবানের কাছে ওসব কোনও ব্যাপার নয়। আর বাঁশি কোনও কাজে লাগে না, রামের ধনুকই আসল।” তাঁর বক্তব্যের এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।
ধীরেন্দ্র শাস্ত্রীর এসব মন্তব্যে অত্যন্ত ক্ষুব্ধ কৃষ্ণভূমি মথুরা-বৃন্দাবন। প্রবল নিন্দা শুরু হয়। একজন দেবতাকে নিয়ে জনসমক্ষে কোনও বক্তব্য রাখতে গেলে অনেক সাবধানী হতে হয় বলে মতপ্রকাশ করেন মথুরার হিন্দু সন্ন্যাসীরা। কারণ, আপামর হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কৃষ্ণকে নিয়ে অন্য আবেগ রয়েছে। তাঁদের কারও কারও কাছে বালক কৃষ্ণ ঘরের সন্তানের মতো। তাছাড়া কৃষ্ণের অষ্টোত্তর শতনামের মতোই তাঁর বহুবিধ রূপ। বংশীধারীকে নিয়ে এমন মন্তব্যে সেই রূপকেই অপমান করা হয়েছে বলে মত মথুরার সন্ন্যাসীদের। এসবের জেরে বেশ চাপে পড়েন বাগেশ্বর বাবা। তারপরই তড়িঘড়ি ক্ষমা চেয়ে নেন তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান