স্যন্দন ডিজিটাল ডেস্ক ৩০ অক্টোবর : ইরান যুদ্ধের সময় ভয়ংকর ষড়যন্ত্র রচিত হয়েছিল এই দেশে! একের পর এক গুজব ছড়িয়ে ভারতকে অশান্ত করার চেষ্টা হয়। এই সব ষড়যন্ত্র চালানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) বদনাম করার উদ্দেশে। শুক্রবার গুজরাটে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে।
এদিন গুজরাটের বনসকাঁটায় ১৪ হাজার কোটির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী মোদি। এরপর জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ইরান যুদ্ধের সময় দেশে গুজব ছড়ানো হয়েছিল। সার মিলবে না দাবি করে কৃষকদের মনে ভয় ঢোকানো হয়। মা-বোনেদের মনে ভয় ঢোকানো হয় তাঁরা গ্যাস পাবেন না। এই গোটা ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য ছিল দেশে বিশৃঙ্খলা তৈরি করে মোদিকে বদনাম করা।” এরপরই দেশের কৃষক ও মা-বোনেদের আশ্বস্ত করে তিনি বলেন, “আমি বলেছিলাম মোদি আপনাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবে। সেই যুদ্ধ আজও চলছে, কিন্তু মোদি সরকার কোথাও কোনও ঘাটতি হতে দেয়নি।”
সারের ঘাটতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, “এটা সত্য যে যুদ্ধের কারণে বিশ্বে সারের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছিল। এর দামও অনেকটা বেড়ে গিয়েছিল। কিন্তু সরকার এই বোঝা কৃষকদের উপর পড়তে দেয়নি। বিশ্বে যে একবস্তা সার ৩০০০টাকায় পাওয়া যায়, তা ভারতে এখনও ৩০০ টাকারও কমে পাওয়া যায়। বিশ্বে ডিএপি সারের দাম বেড়ে ৫০০০ টাকা হয়েছে। কিন্তু সেই একই বস্তা ভারতে ১৩৫০ টাকায় পাওয়া যায়।” কৃষকদের জন্য সরকারের জনমুখী প্রকল্পগুলির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “পিএম-কিষাণ সম্মান নিধি যোজনার সর্বশেষ কিস্তির অধীনে সারা দেশের প্রায় ১০ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৮,০০০ কোটি টাকারও বেশি অর্থ স্থানান্তর করা হয়েছে। সরকার কৃষকদের কল্যাণ এবং কৃষি খাতের উন্নয়নের উপর বাড়তি মনোযোগ দিচ্ছে। আমাদের সরকার সর্বদা কৃষকদের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছে এবং তাদের ক্ষমতায়ন করেছে। বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে সারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল, কিন্তু আমাদের সরকার নিশ্চিত করেছে যে এই বোঝা যেন কৃষকদের উপর না পড়ে।”
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান