Friday, October 30, 2026
বাড়ি জাতীয় দিল্লি-সহ ছয় রাজ্যে এসআইআরের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন দিন ঘোষণা

দিল্লি-সহ ছয় রাজ্যে এসআইআরের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন দিন ঘোষণা

দিল্লি-সহ ছয় রাজ্যে এসআইআরের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন দিন ঘোষণা

 



নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): দিল্লি-সহ ছয় রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কর্মসূচির সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা এবং নাগাল্যান্ডে দাবি ও আপত্তি জমা দেওয়া, সেগুলির নিষ্পত্তি এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্ধারিত সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের অনুরোধ এবং পরিস্থিতি পর্যালোচনার পর এই সংশোধিত কর্মসূচি জারি করেছে কমিশন।

নির্বাচন কমিশনের অবর সচিব সন্দীপ কুমার এবং সচিব পবন দেওয়ানের জারি করা নির্দেশে সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের সংশোধিত সময়সূচি বিভিন্ন প্রচারমাধ্যমে ব্যাপকভাবে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। স্বীকৃত রাজনৈতিক দলগুলিকেও লিখিতভাবে নতুন সময়সূচি জানানোর কথা বলা হয়েছে। এর উদ্দেশ্য, যোগ্য ভোটারেরা যাতে নির্ধারিত সময়ের মধ্যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার সুযোগ পান।

কমিশনের নির্দেশ অনুযায়ী, দিল্লিতে ১ অক্টোবরকে যোগ্যতা নির্ধারণের তারিখ ধরে চলা সংশোধন কর্মসূচিতে দাবি ও আপত্তি জমা দেওয়ার শেষ দিন বাড়িয়ে ২৫ নভেম্বর করা হয়েছে। রাজধানীতে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল ৩১ আগস্ট। আগে দাবি ও আপত্তি জানানোর শেষ দিন ছিল ৩০ অক্টোবর। সংশোধিত সূচি অনুযায়ী, নোটিস জারি এবং জমা পড়া দাবি ও আপত্তির নিষ্পত্তির কাজ ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২২ ডিসেম্বর ২০২৬।

মহারাষ্ট্রেও ১ অক্টোবরের যোগ্যতা নির্ধারণের তারিখ অনুযায়ী সংশোধন কর্মসূচির সময়সীমা বাড়ানো হয়েছে। ভোটার তালিকায় নাম তোলা, নাম বাদ দেওয়া কিংবা প্রয়োজনীয় সংশোধনের জন্য দাবি ও আপত্তি জমা নেওয়া হবে ১৩ নভেম্বর পর্যন্ত। নোটিস জারি এবং সেগুলির নিষ্পত্তির কাজ শেষ করতে হবে ২৫ নভেম্বরের মধ্যে। রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য হয়েছে ৩০ নভেম্বর।

হরিয়ানায় ১ জুলাইকে যোগ্যতা নির্ধারণের তারিখ ধরে চলা এসআইআর কর্মসূচিতে নোটিস জারি এবং দাবি-আপত্তির নিষ্পত্তির সময়সীমা বাড়িয়ে ২০ নভেম্বর করা হয়েছে। সেখানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৩০ নভেম্বর।

অন্ধ্রপ্রদেশেও ১ জুলাইয়ের যোগ্যতা নির্ধারণের তারিখ অনুযায়ী দাবি ও আপত্তির নিষ্পত্তির শেষ দিন ২০ নভেম্বর ধার্য করা হয়েছে। রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ৩০ নভেম্বর। অন্যদিকে, তেলঙ্গানায় ১ অক্টোবরের যোগ্যতা নির্ধারণের তারিখ ধরে দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। সেখানেও চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৩০ নভেম্বর।

নাগাল্যান্ডে ১ অক্টোবরের যোগ্যতা নির্ধারণের তারিখ অনুযায়ী সংশোধিত কর্মসূচি কার্যকর হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুরোধে দাবি ও আপত্তির নিষ্পত্তির সময়সীমা বাড়িয়ে ২৫ নভেম্বর করেছে কমিশন। সেখানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য হয়েছে ৩০ নভেম্বর।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে সংশ্লিষ্ট ছয় রাজ্যের ভোটারদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, সংশোধন বা নাম বাদ দেওয়ার বিষয়ে দাবি ও আপত্তি জানানোর জন্য অতিরিক্ত সময় মিলল।

 





Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha