নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেছেন, তথ্য জানার অধিকার (আরটিআই) আইনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এ ব্যবহৃত সফটওয়্যার সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন এটি ‘ট্রেড সিক্রেট’ হিসেবে অভিহিত করে তথ্য দিতে অস্বীকার করেছে। মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেন, ভোট চুরির অভিযোগ ঘিরে ক্রমাগত চাঞ্চল্যকর তথ্য সামনে আসা সত্ত্বেও সরকার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বাঁচানোর জন্য সমস্ত কৌশল অবলম্বন করছে।
মল্লিকার্জুন খাড়গে এক্স-এ উত্তর প্রদেশের ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উল্লেখ করে বলেন, ১৬ লক্ষ ১৮ হাজার ফর্ম-৬ আবেদনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তিনি পিলিভিটে ১০ হাজার ৪৭০টি ভোটার রেকর্ডে অনিয়মেরও অভিযোগ তোলেন। তিনি বলেন, এখন উত্তর প্রদেশে ফর্ম-৬, ৭ এবং ৮ যাচাইয়ের জন্য নির্দেশ দেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং তাঁকে সুরক্ষা প্রদানকারী হিসেবে অভিযুক্ত ২০২৩ সালের আইনটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। তিনি অবিলম্বে এসআইআর প্রক্রিয়া বন্ধ করার এবং বেআইনিভাবে বাদ দেওয়া ভোটারদের নাম পুনর্বহাল করার দাবি জানান। সেই সঙ্গে তিনি সমস্ত নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে করানোর দাবিও জানান। কংগ্রেস সভাপতি আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত ‘ভোট বাঁচাও-দেশ বাঁচাও’ পদযাত্রা এবং মহা সমাবেশে উপস্থিত থাকার জন্য নাগরিকদের কাছে আহ্বান জানিয়েছেন। ভোটার তালিকা এবং নির্বাচন সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে সরব হতে তিনি জনগণকে এই অভিযানে অংশ নেওয়ার অনুরোধ জানান।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান