Monday, October 12, 2026
বাড়ি জাতীয় মাদক-মুক্ত ভারত গড়ার লক্ষ্যে জাতীয় সম্মেলন, এএনটিএফ প্রধানদের বৈঠকে অমিত শাহ

মাদক-মুক্ত ভারত গড়ার লক্ষ্যে জাতীয় সম্মেলন, এএনটিএফ প্রধানদের বৈঠকে অমিত শাহ

মাদক-মুক্ত ভারত গড়ার লক্ষ্যে জাতীয় সম্মেলন, এএনটিএফ প্রধানদের বৈঠকে অমিত শাহ

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): দেশের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং মাদকমুক্ত ভারত গঠনের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে রাজধানীতে অনুষ্ঠিত হলো অ্যান্টি-নারকোটিক্স টাস্ক ফোর্সের (এএনটিএফ) রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলন। মঙ্গলবার এই দু’দিনের গুরুত্বপূর্ণ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 'নারকোটিক্স কন্ট্রোল ভিশন ডকুমেন্ট (২০২৬-২০২৯)'-এ নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের রূপরেখা চূড়ান্ত করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠকে দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এএনটিএফ প্রধানরা অংশ নিয়েছেন। তাঁদের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, শুল্ক বিভাগ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

সচেতনতা বৃদ্ধি ও পরিকাঠামো উন্নয়ন:

সম্মেলন মঞ্চ থেকেই সাধারণ মানুষের মধ্যে মাদকের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সচেতনতা ছড়াতে চারটি বিশেষ টেলিভিশন বিজ্ঞাপন-এর আনুষ্ঠানিক প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

একই সঙ্গে মাদক-বিরোধী অভিযানে পরিকাঠামোগত গতি আনতে উত্তরপ্রদেশের লখনউ এবং উত্তরাখণ্ডের দেহরাদূনা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। তথ্যপ্রযুক্তির সুবিধা সাধারণ মানুষ ও তদন্তকারী সংস্থার কাছে দ্রুত পৌঁছে দিতে এদিন এনসিবি-র পুনর্নির্মিত আধুনিক ওয়েবসাইটেরও উদ্বোধন করা হয়।

কেন্দ্রের বার্তা, ২০৪৭ সালের মধ্যে 'বিকশিত ভারত' গঠনের যে স্বপ্ন দেখা হয়েছে, তা সফল করতে হলে দেশকে মাদকের অভিশাপ থেকে সম্পূর্ণ মুক্ত করা অপরিহার্য। সেই লক্ষ্যেই রাজ্য ও কেন্দ্রের সমস্ত সংস্থাকে একযোগে 'মিশন মোডে' কাজ করার আহ্বান জানানো হয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha