নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত 'হর ঘর তিরঙ্গা' অভিযানের অঙ্গ হিসেবে বুধবার সাংসদদের এক বিশেষ বাইক র্যালির সূচনা হলো দিল্লিতে। সূচনা করেন উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন। সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে এই র্যালি জাতীয় গীত 'বন্দে মাতরম্'-এর ১৫০-তম বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে বের হয়। এই র্যালিতে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, রাজীব রঞ্জন সিং, গজেন্দ্র সিং শেখাওয়াত, বীরেন্দ্র কুমার, জি. কিষাণ রেড্ডি ও জীতেন্দ্র সিং-সহ আরও বেশ কয়েকজন সাংসদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন বলেন, 'বন্দে মাতরম্' ভারতের স্বাধীনতা সংগ্রামে মানুষের মনে দেশপ্রেমের চেতনা জাগিয়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে উঠেছিল। বিভিন্ন ভাষা, স্থান ও ধর্মের ঊর্ধ্বে উঠে পুরো দেশকে একসূত্রে বেঁধেছিল স্বাধীনতা সংগ্রাম। আর 'বন্দে মাতরম্' ছিল এই জাতীয় চেতনার সবচেয়ে শক্তিশালী প্রতীক। উপরাষ্ট্রপতি সম্প্রতি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের শ্রী বিজয়পুরমের ফ্ল্যাগ পয়েন্টে তেরঙ্গা উত্তোলন করে 'হর ঘর তিরঙ্গা' অভিযানের সূচনা করেছিলেন। এদিন তিনি সে কথাও উল্লেখ করেন। বলেন, এটি সেই ঐতিহাসিক স্থান যেখানে সুভাষচন্দ্র বসু ১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর তিরঙ্গা উত্তোলন করে আন্দামান-নিকোবরকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত বলে ঘোষণা করেছিলেন।
এদিন বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ বলেন, তিরঙ্গা কেবল জাতীয় পতাকা নয়, এটি ১৪০ কোটি ভারতীয়র সংকল্প, আকাঙ্ক্ষা এবং স্বপ্নের প্রতীক। তিনি বলেন, এই যাত্রা শুধু স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাঞ্জলিই নয়, বরং দেশের নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের উদযাপনও বটে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান