Wednesday, August 12, 2026
বাড়ি জাতীয় ছাত্র আন্দোলনের আঁচ দিল্লিতে, সংসদ চত্বরে বিজেপি সাংসদদের বিক্ষোভ

ছাত্র আন্দোলনের আঁচ দিল্লিতে, সংসদ চত্বরে বিজেপি সাংসদদের বিক্ষোভ

ছাত্র আন্দোলনের আঁচ দিল্লিতে, সংসদ চত্বরে বিজেপি সাংসদদের বিক্ষোভ

রাঁচি, ১২ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ডে জেপিএসসি, জেএসএসসি-সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের বিরুদ্ধে চলা ছাত্র আন্দোলনের আঁচ এবার দিল্লিতেও পৌঁছল। বুধবার সংসদ ভবনের মকর দ্বারে বিক্ষোভ দেখালেন বিজেপি সাংসদরা। ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপর কথিত লাঠিচার্জের প্রতিবাদ জানিয়ে তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দেন তাঁরা।

ঝাড়খণ্ড বিজেপির সভাপতি আদিত্য সাহুর নেতৃত্বে ঝাড়খণ্ড ও ওড়িশার সাংসদরা এই বিক্ষোভে অংশ নেন। বিজেপি সাংসদরা বলেন, ছাত্রদের অধিকার ও ন্যায়ের লড়াই আর শুধু ঝাড়খণ্ডের মধ্যে সীমাবদ্ধ নেই, সেই আওয়াজ এবার সংসদেও পৌঁছে গিয়েছে।

বিক্ষোভ থেকে ছাত্র আন্দোলনে পুলিশের কথিত পদক্ষেপের প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতারা। তাঁদের অভিযোগ, ঝাড়খণ্ডে কংগ্রেসের ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে সরকারে অংশীদারিত্ব রয়েছে। সেই কারণেই গোটা ঘটনায় কংগ্রেস নীরব রয়েছে। বিজেপি সাংসদরা রাজ্য সরকারের কাছে ছাত্রদের দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করার পাশাপাশি কথিত লাঠিচার্জের ঘটনার তদন্তের দাবি জানান।

আদিত্য সাহু অভিযোগ করেন, মঙ্গলবার গভীর রাতে জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে আন্দোলনস্থলে উপায়ুক্ত এবং পুলিশ সুপার-সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে প্রশাসনের পৌঁছনো এবং শান্তিপূর্ণ আন্দোলনরত ছাত্রদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে জোর করে সরানোর চেষ্টা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক।

তাঁর দাবি, রাতে বিজেপি নেতারা ধরনাস্থলে পৌঁছতেই প্রশাসন পিছিয়ে যায়। তাঁর অভিযোগ, এর থেকেই স্পষ্ট সরকার দমন-পীড়নের মাধ্যমে আন্দোলনকে দমিয়ে দিতে চাইছে। আদিত্য সাহু বলেন, হেমন্ত সোরেন সরকারের বোঝা উচিত, গভীর রাতে ছাত্রদের কণ্ঠরোধ করার চেষ্টা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

রাজ্য সরকার ও প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে আদিত্য সাহু বলেন, ছাত্রদের সঙ্গে কোনও ধরনের অন্যায় হলে বিজেপি রাস্তায় এবং বিধানসভা থেকে সংসদ—সর্বত্র লড়াই চালাবে। যুবসমাজের অধিকার ও ন্যায়ের এই লড়াইয়ে বিজেপি দৃঢ়ভাবে ছাত্রদের পাশে রয়েছে বলেও জানান তিনি।

বিক্ষোভে রাহুল গান্ধীর কাছে জবাব চেয়ে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে দেখা যায় বিজেপি সাংসদদের। সেখানে লেখা ছিল—‘ঝাড়খণ্ডে ছাত্রদের উপর লাঠিচার্জ নিয়ে রাহুল গান্ধী জবাব দাও’, ‘ছাত্রদের উপর অমানবিকতার জন্য রাহুল গান্ধী জবাব দাও’, ‘ছাত্রদের উপর হিংসার জন্য রাহুল গান্ধী জবাব দাও’ এবং ‘ছাত্রদের উপর অন্যায়ের জন্য রাহুল গান্ধী জবাব দাও’।

বিক্ষোভে নিশিকান্ত দুবে, বিদ্যুৎ বরণ মাহাতো, বিডি রাম, ড. প্রদীপ বর্মা, চন্দ্রপ্রকাশ চৌধুরী, মনীশ জয়সওয়াল এবং কালিচরণ সিং-সহ ঝাড়খণ্ডের একাধিক সাংসদ উপস্থিত ছিলেন। ওড়িশার সাংসদরাও বিক্ষোভে যোগ দিয়ে ঝাড়খণ্ডের আন্দোলনরত ছাত্রদের সমর্থনে সরব হন।

বিজেপি সাংসদদের বক্তব্য, নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রদের দাবিগুলি নিয়ে সরকারের উচিত আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা। কোনও ধরনের দমনমূলক পদক্ষেপ না নেওয়ারও দাবি জানান তাঁরা।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha