রাঁচি, ১০ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ডের রাঁচিতে পড়ুয়াদের আন্দোলনের মধ্যেই প্রাক্তন জেপিএসসি চেয়ারপার্সন এল খিয়াংতে-কে গ্রেফতার করেছে সিআইডি। রাঁচিতে জেপিএসসি ও জেএসএসসি-র পরীক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই সিআইডি জানিয়েছে, প্রাক্তন জেপিএসসি চেয়ারপার্সন এল খিয়াংতে-কে গ্রেফতার করা হয়েছে। ছাত্র সংগঠনগুলো জেএসএসসি-সিজিএল পরীক্ষার বিষয়ে সিবিআই-এর মাধ্যমে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত এবং জেপিএসসি ও জেএসএসসি—উভয় ক্ষেত্রেই ব্যাপক সংস্কারের দাবি জানাচ্ছে। ‘ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন’-এর (জেপিএসসি) প্রাক্তন চেয়ারম্যান হলেন এল খিয়াংতে। পড়ুয়াদের বিক্ষোভের মধ্যেই খিয়াংতের গ্রেফতারিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। প্রসঙ্গত, গত ২২ জুলাই নিজের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন খিয়াংতে।
প্রসঙ্গত, ঝাড়খণ্ডের সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে সোমবার সকালে ‘বিধানসভা মার্চ’ শুরু করেন শিক্ষার্থীরা। জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষায় তথাকথিত দুর্নীতির অভিযোগে পড়ুয়াদের এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। জাতীয় পতাকা, পোস্টার ও ব্যানার নিয়ে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী নতুন বিধানসভা ভবনের দিকে এগোতে থাকে। পড়ুয়াদের রুখতে পুরনো বিধানসভার কাছে বহুস্তরীয় নিরাপত্তাব্যবস্থা তৈরি করেছিল পুলিশ। কিন্তু বিক্ষোভকারীরা একের পর এক ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে থাকে। চতুর্থ ব্যারিকেডটিও পার করে পড়ুয়ারা বিধানসভা থেকে মাত্র ১০০ মিটারের দূরত্বে পৌঁছে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীরা পুলিশের ওপর পাথর ছোড়ে বলে অভিযোগ। তাতে এক পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এরপর পুলিশ ভিড় ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। বিক্ষোভকারীদের থামাতে জলকামানও ব্যবহার করে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান