Sunday, November 1, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ‘কিংমেকার’ হয়েও কোণঠাসা আরবরা, ‘২+২ ফর্মুলা’য় সরকার গঠনের পথে নেতানিয়াহু-আইজেনকোট!

‘কিংমেকার’ হয়েও কোণঠাসা আরবরা, ‘২+২ ফর্মুলা’য় সরকার গঠনের পথে নেতানিয়াহু-আইজেনকোট!

‘কিংমেকার’ হয়েও কোণঠাসা আরবরা, ‘২+২ ফর্মুলা’য় সরকার গঠনের পথে নেতানিয়াহু-আইজেনকোট!

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ১ :   ইজরায়েলের সংসদীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা ছুঁতে পারেনি কোনও দলই। বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং বিরোধী নেতা গাদি আইনজেনকোট দুই শিবিরই সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে। গুরুতর এই পরিস্থিতিতে ডামাডোলের ইজরায়েল রাজনীতিতে এবার সামনে এল অন্য এক অঙ্ক। জানা যাচ্ছে, আরব দলগুলিকে এড়িয়ে ইজরায়েলে এবার জোট বাঁধতে পারে শাসক-বিরোধী দুই পক্ষ। সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২ বছরের মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারেন নেতানিয়াহু ও আইজেনকোট। সেক্ষেত্রে কিংমেকার হয়েও ইজরায়েলের সংসদে কোণঠাসা হয়ে থাকবে আরবরা।


ইজরায়েলের নির্বাচনের ভোটগণনা একেবারে শেষ পর্যায়ে। নেসেটে ১২০ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১ আসন। সেখানে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি আসন পেয়েছে। ফলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক দরকষাকষি ও অনিশ্চয়তা এখনো অব্যাহত রয়েছে। অন্যদিকে আরব দলগুলি পেয়েছে ১৯টি আসন। ফলে সরকার গড়ার জন্য আরব দলগুলি আইজেনকোটকে সমর্থনের প্রস্তাব দিয়েছে। কিন্তু আইজেনকোট চান না আরব দলগুলির সমর্থন নিতে। এই ডামাডোলের মাঝেই ক্ষমতা ধরে রাখতে বিকল্প রাস্তা খুঁজছে লিকুদ পার্টি। আলোচনায় উঠে আসছে ভাগাভাগির সরকারের বিষয়টি।


প্রস্তাবিত ক্ষমতা ভাগাভাগির পরিকল্পনা অনুযায়ী, প্রথম দুই বছর প্রধানমন্ত্রী থাকবেন নেতানিয়াহু। এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন প্রাক্তন সেনাপ্রধান আইজেনকোট। যদিও এখনও গোটাটাই আলোচনার পর্যায়ে রয়েছে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আইজেনকোট বা বিরোধী দলের অন্য নেতারা এই এমন সমঝোতায় রাজি হবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে পরিস্থিতি যে অত্যন্ত জটিল আকার নিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।


এদিকে নির্বাচনে ১৯ আসন পাওয়া আরব গোষ্ঠীর জোট নেতানিয়াহুর সরকার ফেলতে উঠেপড়ে লেগেছে। সেই লক্ষ্যে আইজেনকোটের দলের সঙ্গে জোট বাঁধার প্রস্তাব পেশ করেছে তারা। যেখানে বলা হয়েছে, তাদের দল কোনও মন্ত্রক চায় না। শুধু নেতানিয়াহুর পতন চায়। সেক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে আরব গোষ্ঠীর তরফে। যেখানে বলা হয়েছে, প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার কূটনৈতিক প্রক্রিয়া শুরু করতে হবে, আরব পুরসভাগুলোতে সহিংস অপরাধ মোকাবেলার জন্য অর্থায়িত পরিকল্পনা এবং বাড়িঘর ধ্বংস বন্ধ করতে হবে। যদিও তাদের এই দাবিগুলো প্যালেস্টাইন রাষ্ট্রের বিরোধী ইহুদি নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর পক্ষে মেনে নেওয়া কঠিন হবে বলে মনে করা হচ্ছে।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha