কাঠমান্ডু, ১০ সেপ্টেম্বর (হি.স.) : সম্প্রতি বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো ত্রাণসামগ্রী বিমানে পরিবহণে বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেপাল এয়ারলাইন্স। সংস্থার কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় আন্তর্জাতিক বিমানবন্দরগুলি থেকে বন্যাদুর্গতদের জন্য পাঠানো ত্রাণসামগ্রীর পুরো পণ্য পরিবহণ মাশুল এক মাসের জন্য মকুব করা হয়েছে।
বৃহস্পতিবার নেপাল এয়ারলাইন্স জানিয়েছে, সংশ্লিষ্ট দূতাবাসগুলির সঙ্গে সমন্বয় করে এবং দূতাবাসের সরকারি চিঠির ভিত্তিতে বন্যাদুর্গতদের জন্য পাঠানো খাদ্যসামগ্রী, ওষুধ, পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পরিবহণে কোনও মাশুল নেওয়া হবে না।সংস্থার তরফে জানানো হয়েছে, দুর্যোগের সময়ে মানবিক সহায়তা দ্রুত ও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বিভিন্ন দেশ এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে নেপালে পাঠানো ত্রাণসামগ্রী দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান