Thursday, October 15, 2026
বাড়ি রাজ্য আগরতলা-সাব্রুম ডেমু লোকাল ট্রেন পরিষেবা চালু হবে আগামী দুদিনের মধ্যে

আগরতলা-সাব্রুম ডেমু লোকাল ট্রেন পরিষেবা চালু হবে আগামী দুদিনের মধ্যে

আগরতলা-সাব্রুম ডেমু লোকাল ট্রেন পরিষেবা চালু হবে আগামী দুদিনের মধ্যে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট : ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে গত ২১ আগস্ট থেকে ২২ আগস্ট দুপুর ২টা পর্যন্ত রাজ্যের সমস্ত লোকাল ও বিশেষ ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছিল। তারপরও বর্তমানে রেল সড়ক এবং উড়ান পরিষেবা স্বাভাবিক রয়েছে। বুধবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে পরিবহণ দপ্তরের সচিব সি কে জমাতিয়া একথা জানান। তিনি জানান, বর্তমানে আগরতলা-সাব্রুম ডেমু লোকাল ট্রেন পরিষেবা ছাড়া বাকি সমস্ত ট্রেন পরিষেবা চালু রয়েছে। আগরতলা-সাব্রুম রেল পরিষেবা পুনরায় চালু করার জন্য দ্রুতগতিতে কাজ চলছে। আগামী দু'একদিনের মধ্যে ট্রেন পরিষেবা চালু করা যাবে বলে আশা করা যাচ্ছে।

 শান্তিবাজার-গর্জি রেল লাইনের মধ্যে ৩-৪টি জায়গায় রেল ট্র্যাকের ক্ষতি হয়েছে। রেলওয়ের প্রকৌশলীরা তা মেরামতের উদ্যোগ নিয়েছেন। অতিসত্ত্বর মেরামতের কাজ শেষ করা যাবে বলে সাংবাদিক সম্মেলনে পরিবহণ সচিব আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, ধর্মনগর, কুমারঘাট ও জিরানীয়া রেল স্টেশনে রেলে নিয়মিত রেক আসছে। এই রেকগুলিতে প্রতিদিন খাদ্যশস্য, সিমেন্ট, রড, পেট্রোলিয়াম জ্বালানি দ্রব্য সহ বিভিন্ন পণ্য নিয়মিত রাজ্যে আসছে। এর জন্য আতঙ্কে কোন কারণ নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং জ্বালানি রাজ্যে পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। তিনি বলেন এমবিবি বিমানবন্দর থেকে প্রতিদিন ৩০টি বিমান উঠানামা করছে। খারাপ আবহাওয়ার কারণে শুধুমাত্র গত ২১ আগস্ট কলকাতা থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়া বিমান ইন্ডিগো এটিআর ৭২ বিমানটি অবতরণ করতে পারেনি। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha