স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জানুয়ারি : লোকসভা নির্বাচনের আগে আমবাসা বিধানসভা কেন্দ্রে সিপিএম এবং তিপ্রা মথা দলে থাবা বসিয়েছে বিজেপি। বুধবার আমবাসায় সফরে যান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য। প্রথমে তিনি হাদুক্লক স্থিত ব্রু স্যাটেলমেন্ট ক্যাম্পে যান, সেখানে এক সভার মধ্য দিয়ে তিপ্রা মথা দল ত্যাগ করে ১৫৮ পরিবারের ৪৮২ জন ভোটার বিজেপি দলে সামিল হয়।
তারপর আমবাসা স্থিত বিজেপি দলের ধলাই জেলার মূল কার্য্যালয়ে এক সভার মধ্য দিয়ে সিপিএম এবং তিপ্রা মথা দল ছেড়ে ১৮৬ পরিবারের ৫৬৭ জন ভোটার বিজেপি দলে সামিল হয়। এদিকে বিজেপি দল থেকে কচুছড়ায় এক বাজার সভার আয়োজন করা হয়। এই সভায় সিপিএমের এক নেতা সহ তিপরা মথা দলের ৯৬ পরিবারের ৩৩৮ জন ভোটার পদ্ম শিবিরে যোগ দিয়েছেন। প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য বক্তব্য রেখে বলেন, কচুছড়া দীর্ঘদিন ধরেই কমিউনিস্টদের অধিষ্ঠিত এলাকা।
তারা লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর হাতশক্তিশালী করতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। আরো বলেন রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার যে কাজ করছে তাতে ভারতীয় জনতা পার্টির উপর মানুষের আস্থা এবং ভরসা জন্মেছে। কারণ দীর্ঘ ২৫ বছর রাজ্যে কমিউনিস্টরা যখন সরকার পরিচালনা করেছে তখন তাদের মানসিকতা ছিল ইনক্লাব জিন্দাবাদ, আমরা খাব তোমরা বাদ। শুধু এলাকার এল সি এম নেতা, ডি সি এম নেতার বাড়িঘরের উন্নয়ন হয়েছে। এই নেতারা গরিবদের টাকা আত্মসাৎ করত। তারা গরিবদের উন্নয়ন করতে চায় নি বলে অভিযোগ তুলেন রাজীব ভট্টাচার্য। যোগদান সভায় এদিন এছাড়াও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ভগবান দাস, রিপন দেব্বর্মা, বিধায়ক মনোজ কান্তি দেব, স্বপ্না দাসপাল, শম্ভু লাল চাকমা, জেলা কমিটির সাধারণ সম্পাদক আশীষ ভট্টাচার্য্য প্রমুখ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান