Sunday, October 18, 2026
বাড়ি রাজ্য রাস্তার বেহাল দশার কারণে পথ অবরোধ

রাস্তার বেহাল দশার কারণে পথ অবরোধ

রাস্তার বেহাল দশার কারণে পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ আগস্ট : স্বাধীনতা দিবসের আগের দিন মন্ত্রীর বিধানসভা এলাকায় রাস্তা অবরোধে আটকে পড়েন আদালতের সি.জি.এম। দুর্ভোগ পোহাতে হলো সি.জি.এম -কে। ঘটনা কৈলাসহরের চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের হালাইরপাড় এলাকায়। দীর্ঘদিন ধরে মন্ত্রী টিংকু রায়ের নিজ বিধানসভা কেন্দ্রের হালাইরপাড় এবং ছনতৈল গ্রামের রাস্তা সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। এতটাই অযোগ্য হয়ে রয়েছে যে, রাস্তার উপর দিয়ে পথচারীরা পায়ে হেটেও চলাফেরা করতে পারছেন না বলে অবরোধকারীদের বক্তব্য।

গ্রামবাসীরা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ শাসক দলের প্রভাবশালী নেতাদের কয়েকবার জানানোর পরও রাস্তা সংস্কারের কাজ শুরু হয়নি। শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় গ্রামবাসীরা স্থানীয় পূর্ত দপ্তরের আধিকারিক সহ মহকুমাশাসক এবং জেলাশাসককে কয়েকবার লিখিত ভাবে এবং মৌখিক ভাবে জানানোর পরও রাস্তা সংস্কারের কাজ শুরু হয়নি। গ্রামবাসীরা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে সোমবার সকাল সাড়ে দশটা থেকে চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের হালাইরপাড় এবং ছনতৈল এই দুই গ্রামে একসাথে তিনটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে।

একসাথে তিনটি রাস্তা অবরোধের ফলে বহু গাড়ি আটকে পড়ে। রাস্তা অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ এবং টি.এস.আর বাহিনী অবরোধস্থলে আসে। মহকুমা প্রশাসনের পক্ষে ডেপুটি মাজিস্ট্রেট রাজীব দত্ত অবরোধ স্থলে এসে অবরোধ কারীদের সাথে কথা বলার পরও রাস্তা অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করেনি। অবরোধ কারীরা স্পষ্ট ভাবে জানিয়ে দেয়, যতক্ষন না পর্যন্ত জেলাশাসক অবরোধ স্থলে এসে অবরোধ কারীদের সাথে কথা বলে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন নি ততোক্ষন পর্যন্ত অবরোধ চলবে। সবচেয়ে বড় বিষয় হলো, রাস্তা অবরোধের ফলে নিত্য যাত্রী সহ অফিস যাত্রীদের পাশাপাশি খোদ কৈলাসহর আদালতের সি জে এম এই অবরোধে আটকে পড়েন।  সি.জি.এম রাস্তা অবরোধে আটকে পড়ার খবর সামাজিক মাধ্যমে চাউর হতেই কৈলাসহর থানার ওসি সহ মহকুমা প্রশাসনের আধিকারিকরা সি.জি.এম-কে আদালতে নিয়ে যাবার চেষ্টা করলেও অবরোধকারীরা সি.জি.এম -কে আটকে রাখেন। টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখায় এলাকাবাসী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha