Monday, October 26, 2026
বাড়ি রাজ্য মুখ্যমন্ত্রীর সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে অটো চালককে মারধরের অভিযোগ

মুখ্যমন্ত্রীর সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে অটো চালককে মারধরের অভিযোগ

মুখ্যমন্ত্রীর সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে অটো চালককে মারধরের অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ অক্টোবর : সুশাসন জামানায় মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে গুন্ডাগিরির অভিযোগ উঠল এক টি.এস.আর জোয়ানের বিরুদ্ধে। অভিযোগ বাড়িতে মদের আসরে ব্যাঘাত ঘটায় অটো চালককে মারধর করে হাসপাতাল পাঠালো এই রাজ্যের সুশৃংখল বাহিনীর উৎশৃংখল জওয়ান তথা মুখ্যমন্ত্রীর সিকিউরিটি গার্ড। অভিযুক্ত সিকিউরিটি গার্ডের নাম রাজু দেবনাথ। বাড়ি নোয়াগাঁও এলাকায়। লক্ষী পূজার দিন রাতের বেলা নয়টার নাগাদ এলাকার অটো চালক দুলাল দেব বাড়ি ফেরার সময় রাজু দেবনাথের বাড়ির সামনে এলোপাতাড়ি একাধিক বাইক দাঁড় করানো ছিল। ছয় ফুট রাস্তায় একাধিক বাইক দাঁড় করানো থাকায় অটো নিয়ে বাড়িতে যাওয়া সম্ভব ছিল না দুলাল বাবুর কাছে। তারপর তিনি হর্ন দিলে বাড়ি থেকে বের হয়ে আসেন টিএসআর রাজু সহ তার আত্মীয় পরিজন। তারা এসে একটি বাইক সরিয়ে দেন।

তারপরও অটোটি যেতে না পারায় অটো চালক দুলাল দেবকে বলেন বাকি বাইকগুলি সরিয়ে দেওয়ার জন্য। তখন উত্তেজিত হয়ে উঠেন মুখ্যমন্ত্রীর সিকিউরিটি গার্ড অর্থাৎ টিএসআর রাজু দেবনাথ সহ তার আত্মীয়-স্বজন। তারা উত্তেজিত হয়ে বাকবিতণ্ডা থেকে মারধর শুরু করেন অটো চালক দুলাল দেবকে। একটা সময়ের পর দুলালের চিৎকার শুনে আশেপাশের লোকজন এবং দুলালের পরিবারের লোকজন ছুটে আসেন। তখন দুলালের মেয়ে এবং পরিবারের অন্যান্য মহিলাদের উপর হাত তোলেন মুখ্যমন্ত্রীর সিকিউরিটি গার্ড রাজু সহ তার সাঙ্গপাঙ্গরা বলে অভিযোগ। শেষ পর্যন্ত গুরুতর আহত হওয়া দুলাল দেবকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে।

রাজুর বিরুদ্ধে আরো অভিযোগ এলাকায় সব সময় মুখ্যমন্ত্রীর নাম নিয়ে দাপট দেখাতে চান অভিযুক্ত জওয়ান। দুলালের পরিবারকে রাজু বলেন, থানা, পুলিশ নাকি তার পকেটে থাকে। হুমকি দেন মুখ্যমন্ত্রী বলে দিলে পুলিশ তাকে ছেড়ে দেবে। এই ঘটনার পর সোমবার অভিযুক্ত রাজু সহ তার আত্মীয় পরিজনদের বিরুদ্ধে এনসিসি থানায় মামলা দায়ের করা হয়েছে। এখন দেখার বিষয় অভিযুক্তদের জালে তুলে কিনা পুলিশ। যেখানে মুখ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করতে বাড়িতে মদের আসর জমিয়ে মহিলাদের উপর পর্যন্ত হাত তোলেন, সেখানে অভিযুক্তের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের প্রয়োজন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha