Monday, October 12, 2026
বাড়ি রাজ্য কৃষকের খেতে দুষ্কৃতকারীদের তাণ্ডব

কৃষকের খেতে দুষ্কৃতকারীদের তাণ্ডব

কৃষকের খেতে দুষ্কৃতকারীদের তাণ্ডব

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ সেপ্টেম্বর : তেলিয়ামুড়া মহকুমার বাইশ ঘড়িয়ায় কৃষকের ফসলের খেতে দুষ্কৃতীদের হামলার অভিযোগ। রাতের অন্ধকারে এক কৃষকের কৃষিজমিতে ঢুকে প্রায় ২০০টি বেগুন গাছ উপড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষক সাধন মজুমদার । প্রতিদিনের মতো কৃষিকাজের পর জমি থেকে বাড়ি ফিরে যান কৃষক সাধন মজুমদার । পরদিন সকালে খেতে গিয়ে তিনি দেখতে পান, জমিতে থাকা বেগুন গাছগুলোর অধিকাংশই মাটি থেকে উপড়ে ফেলা হয়েছে।

মুহূর্তেই চোখের সামনে ভেসে ওঠে তাঁর কয়েক মাসের পরিশ্রমের ফসল ধ্বংসের চিত্র। এতে শুধু ফসল নষ্টই হয়নি, কৃষকের দীর্ঘদিনের শ্রম ও বিনিয়োগও কার্যত জলে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, এই ঘটনায় তাঁর আনুমানিক এক লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে। ফসল বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি ভবিষ্যতে আয়ের আশায় তিনি জমিতে বেগুন চাষ করেছিলেন। কিন্তু রাতারাতি সেই স্বপ্নই ভেঙে দেওয়া হয়েছে বলে আক্ষেপ কৃষকের। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha