Friday, August 14, 2026
বাড়ি রাজ্য কালো ব্যাজ ধারণ করে আন্দোলন অনিয়মিত কর্মচারীদের

কালো ব্যাজ ধারণ করে আন্দোলন অনিয়মিত কর্মচারীদের

কালো ব্যাজ ধারণ করে আন্দোলন অনিয়মিত কর্মচারীদের

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ জুলাই  : ত্রিপুরা অনিয়মিত কর্মচারীরা নিয়মিতকরণের দাবিতে শুক্রবার কালো ব্যাচ পরিধান করে কালো দিবস পালন করল রাজধানীর আই জি এম হাসপাতালে। দীর্ঘক্ষণ চলে এই বিক্ষোভ কর্মসূচি। উপস্থিত ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের যুগ্ম আহ্বায়ক রতন দেবনাথ জানান, ২০১৮ সালের ৩১ জুলাই রাজ্যের বর্তমান সরকার অনিয়মিত কর্মচারীদের জন্য একটি কালো অধ্যায় রচনা করেছে। সেইদিন রাজ্যের অর্থ দপ্তর থেকে এক মেমোরেন্ডাম জারি করে রাজ্যের অনিয়মিত কর্মীদের নিয়মিত হওয়ার সুযোগ বাতিল করে দেওয়া হয়। সেই জারি হওয়া মেমোরেন্ডামে উল্লেখ ছিল, অনিয়মিত কর্মচারীরা নিয়মিত হতে পারবে কিনা সেটা রাজ্য সরকার বিবেচনা করবে।

 আর রাজ্যের অনিয়মিত কর্মীরা সেই নির্দেশ দেখে হতবাক হয়ে গিয়েছিলেন। কারণ, রাজ্যের বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে ২০১৮ সালে বিভিন্ন নির্বাচনি সভায় প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার প্রতিষ্ঠিত হলে ছয় মাসের মধ্যে রাজ্যের সকল অনিয়মিত কর্মীদের নিয়মিত করবে। তারপর আট বছর অতিক্রান্ত হয়ে গেলেও নিয়মিতকরণের কোনো স্কিম তৈরি করল না বর্তমান সরকার। আর এই আট বছরের মধ্যে রাজ্যের বিভিন্ন দপ্তরে প্রায় বহু অনিয়মিত কর্মচারী অবসরে চলে গেছেন এবং কেউবা চাকরিরত অবস্থায় মারা গেছেন।

তাই অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ অন্যান্য দাবি নিয়ে গত বছর জুলাই রাজ্যের মুখ্যসচিবের কাছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে মহাকরণ অভিযানের মাধ্যমে ডেপুটেশন পেশ করা হয়। সংগঠনের প্রতিনিধি দলকে মুখ্যসচিব আশ্বস্ত করেছিলেন দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সমাধান করার। কিন্তু, তাও এক বছর পার হয়ে গেল, কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে অনিয়মিত কর্মচারী মঞ্চও আবার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। রাজ্যের প্রায় ৩৬ হাজার অনিয়মিত কর্মচারী আজ ভবিষ্যৎ অনিশ্চয়তায় দাঁড়িয়ে এবং কোমর ভেঙে পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর এর পেছনে মূল দায়ী হলো ২০১৮ সালে জারি হওয়া সেই কালো মেমোরেন্ডাম। সেই কালো মেমোরেন্ডামের প্রতিবাদে রাজ্যের সকল অনিয়মিত কর্মীরা শুক্রবার কালো দিবস হিসেবে পালন করে। এদিন সকল অনিয়মিত কর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করে নীরব প্রতিবাদ জানিয়ে দায়িত্ব পালন করেন। তবে এদিন তারা আরও জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের সঙ্গে তারা দেখা করার জন্য চিঠি দিয়েছেন। কিন্তু দেখা করার সুযোগ পাননি এখন পর্যন্ত। অবিলম্বে যদি দেখা করার সুযোগ না পায় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানিয়েছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha