স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ মে :শুক্রবার বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজধানীর আইজিএম হাসপাতাল সংলগ্ন রেডক্রস ভবনে এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, রক্তের অভাবে রোগীর মৃত্যু হয়। রক্তের কোন বিকল্প হয় না। বিভিন্ন সময় দেখা যায় রক্তের জন্য রোগীর পরিবারের লোকজনেরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে। বিশেষ করে যারা দুর্ঘটনায় পড়ে তাদের জন্য রক্তের প্রয়োজন হয়।
পাশাপাশি যাদের অস্ত্র প্রচার হয় তাদের রক্তের প্রয়োজন হয়। রেডক্রস কর্তৃক আয়োজিত এ ধরনের রক্তদান শিবির অত্যন্ত প্রশংসনীয়। এমনটাই দাবি করলেন রাজ্যপাল। শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এদিকে দক্ষিণ জেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব রেডক্রস ডে পালন করা হয়। দক্ষিণ জেলার -এর কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক । অনুষ্ঠানে সমাজসেবী, স্বাস্থ্যকর্মী, রেডক্রস কর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের সূচনায় স্বাগত ভাষণ দেন দক্ষিণ জেলার রেডক্রস সোসাইটির সম্পাদক লক্ষন মালাকার ।
তিনি তাঁর বক্তব্যে বিশ্ব রেডক্রস আন্দোলনের ইতিহাস, মানবসেবামূলক কর্মকাণ্ড এবং সমাজে রেডক্রসের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর আলোকপাত করেন। অপরদিকে রেডক্রস সোসাইটি খোয়াই জেলা কমিটির উদ্যোগে শুক্রবার খোয়াই সুভাষ পার্ক কালীমন্দির প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক রজত পান্থ, এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সুভাষ কালীবাড়ি এভারগ্রিন ক্লাবের সম্পাদক সুব্রত বনিক, রেডক্রস সোসাইটির জেলার সম্পাদক জয়ন্ত সাহা সহ অন্যান্যরা। অন্যদিকে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ধলাই জেলা কমিটির উদ্যোগে আজ আমবাসা পি আর টি আই হলে ৭৯ তম রেডক্রস দিবস উদযাপন করা হয়। রেড ক্রস দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে মোট ৮০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্তদান কর্মসূচি শেষে পি আর টি আই হলে এক কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলাশাসক ডঃ বিবেক এইচ বি, আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সন প্রতিমা মালাকার সহ অন্যান্যরা। এদিন ভার্চুয়ালির মধ্য দিয়ে রক্তদান শিবিরের সূচনা করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, রক্তদান শিবির সম্পর্কে বলতে গিয়ে ধলাই জেলার জেলা শাসক বলেন, রেডক্রস সোসাইটি সবসময় সমাজের কাজে এগিয়ে আসে, আজ ৮০ জন রক্তদাতা এখানে রক্তদান করেছেন। ধলাই জেলা হাসপাতালে রক্তের চাহিদা মেটাতে এই রক্তদান শিবির।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান