Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য ছয় বছরের সন্তানের চিকিৎসার জন্য রাজ্য সরকারের কাছে সহযোগিতা চাইলো এক অসহায় মা

ছয় বছরের সন্তানের চিকিৎসার জন্য রাজ্য সরকারের কাছে সহযোগিতা চাইলো এক অসহায় মা

ছয় বছরের সন্তানের চিকিৎসার জন্য রাজ্য সরকারের কাছে সহযোগিতা চাইলো এক অসহায় মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ মে : অর্থের অভাবে সন্তানের উন্নত চিকিৎসা করাতে না পেরে চরম অসহায়তার মধ্যে দিন কাটাচ্ছেন এক পরিবার। ছয় বছরের অসুস্থ সন্তানকে সুস্থ করে তুলতে মুখ্যমন্ত্রী, স্থানীয় বিধায়ক এবং রাজ্যবাসীর কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন শান্তির বাজার মহকুমার মুহুরীপুর আর.এফ শংকরপুর এলাকার বাসিন্দা অষ্টমী সূত্রধর।পরিবার সূত্রে জানা যায়, অষ্টমী সূত্রধরের ছেলে আয়ুষ চক্রবর্তীকে তৃতীয় বার টিকা নেওয়ার পর থেকেই মৃগী রোগে আক্রান্ত হয়ে পড়ে। এরপর থেকেই শুরু হয় তার সন্তানের চিকিৎসার দীর্ঘ লড়াই। শান্তির বাজার জেলা হাসপাতাল থেকে শুরু করে আগরতলার বিভিন্ন শিশু চিকিৎসকের কাছে বহুবার চিকিৎসা করানো হলেও শিশুটির শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি।

বরং সময়ের সঙ্গে সঙ্গে তার স্নায়ুজনিত সমস্যাও দিন দিন বাড়ছে। চিকিৎসকরা বলেছেন, শিশুটিকে সুস্থ করে তুলতে হলে রাজ্যের বাইরে উন্নত চিকিৎসা করানো প্রয়োজন। তবে আর্থিক অনটনের কারণে সেই চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না অষ্টমী সূত্রধরের। প্রায়শই সন্তান অসুস্থ হয়ে পড়ায় তাকে বারবার হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। অষ্টমী সূত্রধরের অভিযোগ, সন্তানের চিকিৎসার খরচ বহনে তার স্বামী চন্দন চক্রবর্তী কোনো সহযোগিতা করছেন না। ফলে একপ্রকার একাই সন্তানের চিকিৎসার দায়িত্ব বহন করতে হচ্ছে তাকে। তাই সন্তানের চিকিৎসার জন্য অসহায় মা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, জোলাইবাড়ি বিধানসভার বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া সহ রাজ্যবাসীর কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। যাতে তার অসুস্থ সন্তান আয়ুষ চক্রবর্তীকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বহিঃরাজ্যে নিয়ে যাওয়া সম্ভব হয়। এলাকাবাসীও চাইছে শিশুটির উন্নত চিকিৎসার জন্য রাজ্য সরকার যাতে এগিয়ে আসে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha