স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ এপ্রিল : আগামী ১২ এপ্রিল রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে এডিসি নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিনে একাধিক উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি হয়েছে ধলাই জেলা এবং খোয়াই জেলায়। আক্রান্ত হয়েছে মন্ত্রী বিকাশ দেববর্মার গাড়ি পর্যন্ত। বুধবার কমলপুরে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১২ জন পুলিশ এবং টি এস আর কর্মী। এই পরিস্থিতি চিন্তায় ফেলছে প্রশাসনকে।
তাই বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ খোয়াই জেলা পুলিশ সুপারের কনফারেন্স হলে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্য পুলিশের মহানির্দেশক ডিজিপি অনুরাগ ধ্যানকর। এদিন ডিজিপি খোয়াই জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে ডিজিপি গার্ড অফ অনার দিয়ে অভিবাদন জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন টিএসআর-এর আইজি কেড়ি মারাক, খোয়াই জেলা পুলিশ সুপার রণাদিত্য দাস, ধলাই জেলা পুলিশ সুপার হৃষিকেশ দেশাই, টিএসআর ষষ্ঠ বাহিনীর কমান্ডেন্ট শংকর দেবনাথ এবং তৃতীয় বাহিনীর কমান্ডেন্ট বিনয় কিশোর দেববর্মা সহ দুই জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। বৈঠক শেষে ডিজিপি জানান, আসন্ন নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন এবং পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই পুলিশের প্রধান লক্ষ্য।
বিশেষ করে খোয়াই ও ধলাই—এই দুই জেলার স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তার বলয় তৈরি এবং অপরাধমূলক কাজ রুখতে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই জেলার পুলিশ ও টিএসআর বাহিনীর মধ্যে সমন্বয় বাড়িয়ে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাছাড়া কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের ঘাটতি নেই। যথেষ্ট পরিমাণে পুলিশ রয়েছে। যদি আইনশৃঙ্খলা অবনতি করানোর চেষ্টা করা হয় তাহলে দ্রুত কি পদক্ষেপ নেওয়া হবে সেটা জানিয়ে দেওয়া হয়েছে এদিনের বৈঠকে।
সবচেয়ে বড় বিষয় হলো গত কয়েকদিনের ঘটনাগুলি নিয়ে জেলা আধিকারিকদের নিয়ে বৈঠকে বসে প্রশাসনের কড়া পদক্ষেপের নির্দেশ দেন। তবে পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকবে সেটাই এখন মূল বিষয়। মানুষ চাইছে শান্তিপূর্ণ ভাবে যেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। কিন্তু সরকারে থাকা শরিক দলের উপদ্রবে ক্রমশ চোখ রাঙ্গাচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান