স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ মার্চ : প্রতিবছর বাজেটে পরিসংখ্যান বাড়ছে। অথচ মৌলিক চাহিদা থেকে বঞ্চিত বহু মানুষ। এবার অভিযোগ উঠল, চড়িলাম ব্লকের রামনগর ভিলেজের ৪ নং ওয়ার্ড রাম পদ পাড়ার জনগণ পানীয় জলের তীব্র সংকটে নাজেহাল। এই এলাকা অত্যন্ত উঁচু টিলা ভূমিতে অবস্থিত। যার ফলে এই এলাকার জনজাতিদের পানীয় জলের জন্য কষ্ট পোহাতে হয়। বিগত প্রায় এক বছর হয়েছে এই এলাকায় পানীয় জলের একটি মেশিন বসানো হয়েছে। কিন্তু আজ পর্যন্ত সেটা চালু করা হয়নি। বিদ্যুৎ সংযোগও দেওয়া হয়নি।
গ্রামের মানুষ বিদ্যুৎ কানেকশন এর ব্যবস্থা করে দেওয়ার জন্য রামনগর ভিলেজে আবেদনও দিয়েছে। রামনগর ভিলেজ কমিটি ফিরেও তাকায় নি গ্রামবাসীদের দিকে। অভিযোগ, বিশ্রামগঞ্জ ডি ডাব্লিউ এস দপ্তর ও এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন। মেশিনটি এখন পর্যন্ত চালু না করায় গ্রামের মানুষকে কয়েক মাইল দূরে হেঁটে গিয়ে পানীয় জল সংগ্রহ করে আনতে হয়। বুধবার দুপুরে গ্রামবাসীরা একত্রিত হয়ে সংবাদ মাধ্যমে তাদের সমস্যার কথা তুলে ধরেছেন। তারা বলেছেন অনেক ধৈর্য ধরেছেন। আর নয়। দুর্ভাগ্যের বিষয় এই রামনগর এলাকার ছেলে চড়িলাম ব্লক এডভাইজারি কমিটির চেয়ারম্যান জাকুলু দেববর্মা। তিনিও জলের সমস্যা নিয়ে ভাবেন না। যার ফলে পানীয় জলের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকার যদি অবিলম্বে সমস্যার সমাধান না করে তাহলে তারা সড়ক অবরোধ করবে বলে হুঁশিয়ারি দেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান