স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ ফেব্রুয়ারি : মঙ্গলবার রাতে বামনছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সারা ভারত কৃষক সভার প্রাক্তন কর্মী ননীগোপাল সোম ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবর পেয়ে বুধবার বিকালে প্রয়াতের বাড়িতে যান সি পি আই এম ধলাই জেলা কমিটির সম্পাদক অঞ্জন দাস, কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অমর ভট্টাচার্য এবং দুর্গাচৌমুহনী অঞ্চল কমিটির সদস্য শ্রীকান্ত মল্লিক, আশীষ নমঃশূদ্র, অন্নদা নমঃশূদ্র। সেখানে মৃত পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানিয়ে ধলাই জেলা কমিটির সম্পাদক ও এলাকার প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস ও মহকুমা সম্পাদক অমর ভট্টাচার্য অপর এক কর্মসূচিতে ফিরে আসেন। স্থানীয় নেতা শ্রীকান্ত মল্লিক, গৌরাঙ্গ দেবনাথ ও দীপক আচার্য সেখানকার ব্রাঞ্চ সম্পাদক অন্নদা নমঃশূদ্রের বাড়িতে যান।
সন্ধ্যাবেলা যখন এই তিনজন অন্যদা নমঃশূদ্রের বাড়ি থেকে বের হয় তখন বিজেপি'র বাহিনী পার্টির দুই অঞ্চল সদস্য শ্রীকান্ত মল্লিক ও গৌরাঙ্গ দেবনাথের উপর আক্রমণ করে। তাদের ব্যাপক ভয়-ভীতি প্রদর্শন করে। তাদের দলীয় মিছিলে অংশগ্রহণ করায় এবং জোরপূর্বক তাদের হাতে দলীয় পতাকা দিয়ে বিজেপিতে যোগদান করায়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সি পি আই এম কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সাপ্তাহিক হাটবারে হালহালি সি পি আই এম কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল করা হয়। বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে মধ্য বাজারে পথ অবরোধ করে।
পথ অবরোধ চলাকালীন সময়ে জেলা কমিটির সদস্য বদরবোম হালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সি পি আই এম ধলাই জেলা কমিটির সম্পাদক অঞ্জন দাস বলেন, বিজেপি জোট সরকারের আট বছরের অপশাসনে ধারাবাহিকতার সঙ্গে জনবিচ্ছিন্ন হচ্ছে বিজেপি দল। বিজেপি জোট সরকার শুরু থেকেই তাদের দেওয়া সকল প্রতিশ্রুতির সঙ্গে প্রতারণা করে চরম দুর্নীতিতে নিমজ্জিত হয়ে ব্যাপক সন্ত্রাস ও স্বৈরাচারী কার্যকলাপের ফলে গণতন্ত্রকে ধ্বংস করছে। সরকারের চরম ব্যর্থতার ফলে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বেকারী ও দারিদ্রতায় একদিকে যেমন নাজেহাল আর তার সঙ্গে এই ধরণের ফ্যাসিস্ট আক্রমন কোন ভাবেই মেনে নেওয়া যায় না। বামনছড়ার এই বর্বর ঘটনায় এলাকায় নিন্দার জানানো হয়। তিনি আরো বলেন যে জার্মানীর হিটলার সহ পৃথিবীর কোন স্বৈরাচারী শাসক ক্ষমতা বেশীদিন ধরে রাখতে পারে নি এবং তারা পরাজিত। ত্রিপুরা থেকেও এই অশুভ শক্তিকে উৎখাত করতে জনগণ তৈরী হচ্ছে বলে জানান। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান