কলকাতা,
৩১ অক্টোবর
(হি.স.):
কেপ টাউন টেস্টে রোমাঞ্চকর এক শেষের আশা করেছিল ক্রিকেট বিশ্ব। কিন্তু শনিবার ২৮৮ রান তাড়ায় রীতিমত মুখ থুবড়ে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপ। তাদেরকে ১১১ রানে গুটিয়ে ১৭৬ রানের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ডারবানে হার দিয়ে ঘরের মাঠের তিন ম্যাচের টেস্ট সিরিজটি শুরু করে প্রোটিয়ারা। ঘুরে দাঁড়িয়ে টানা দুই জয়ে ২-১ ব্যবধানে সিরিজটি জিতে নিল তারা।
এই ম্যাচের ফল বদলে দিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রের পয়েন্ট টেবিলও। শীর্ষে থেকে সিরিজটি শুরু করা অস্ট্রেলিয়া নেমে গেছে তিনে। তাদের অবনতিতে সবার ওপরে এখন নিউ জিল্যান্ড। আর দুইয়ে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা । অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস নামায় রাবাদা। প্রথম ইনিংসে এক উইকেট নেওয়া এই পেসার এবার নিলেন তিন উইকেট। টপ অর্ডারের তিনজনকেই ফেরান তিনি । এরপর বাকি কাজ সারেন হার্মার।
প্রথম ইনিংসে চার উইকেটের পর এবার তার প্রাপ্তি ১৬ রান খরচায় ৬টি। টেস্টের এক ইনিংসে এই অফ স্পিনারের আগের সেরা বোলিং ছিল ৩৭ রানে ৬ উইকেট,
গত বছর গুয়াহাটিতে ভারতের বিপক্ষে । এক টেস্টে প্রথমবারের মতো ১০ উইকেট নিলেন হার্মার। দক্ষিণ আফ্রিকার প্রথম স্পিনার হিসেবে কেপ টাউনে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন তিনি । সিরিজ জুড়ে অলরাউন্ড পারফরম্যান্সে আলো ছড়িয়ে সিরিজ সেরার পুরস্কার জিতে নেন মার্কো ইয়ানসেন। দুই ফিফটিতে ১৯৮ রান করার পাশাপাশি ১৩ উইকেট নেন এই পেস বোলিং অলরাউন্ডার।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান