গোরক্ষপুর (উত্তর প্রদেশ), ৪ নভেম্বর (হি.স.): কংগ্রেস ও বিরোধী শিবিরের বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন অভিযোগ করেছেন, বিরোধীদের দেশের নাগরিকদের ওপর কোনও আস্থা নেই। বুধবার উত্তর প্রদেশের গোরক্ষপুরে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত 'গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও' কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, যারা দেশের মানুষকে বিশ্বাস করে না, তারাই এখন লোকদেখানো সংবিধান হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই সমাবেশে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্য মন্ত্রিসভার সদস্যরা।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নির্বাচন কমিশন ও ইভিএম বিতর্ক নিয়ে রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, নির্বাচনে হারলেই বিরোধীরা নির্বাচন কমিশন ও ইভিএম-এর ওপর দোষ চাপাতে শুরু করে। অথচ যখন খোদ জাতীয় নির্বাচন কমিশন তাদের খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিল—যে কোনও জায়গা, যে কোনও মোড় বা যে কোনও মঞ্চে এসে প্রমাণ করুন ইভিএম ভুল, তখন সেই চ্যালেঞ্জ নেওয়ার সাহস দেখাতে পারেননি রাহুল গান্ধী। তিনি সেই ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছিলেন এবং তারপর তাঁকে আর এ নিয়ে মুখ খুলতে দেখা যায়নি।
সমাজবাদী পার্টি-কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে নিশানা করে নিতিন নবীন বলেন, গোরক্ষপুরের পবিত্র পুণ্যভূমিতে আয়োজিত এই পদযাত্রায় আসার পথে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুই তথাকথিত 'যুবরাজ'-এর অতীতের কুকীর্তির কথা স্মরণ করাচ্ছিলেন। তাঁদের সেই কুশাসন ও কার্যকলাপের ইতিহাস উত্তরপ্রদেশ তথা গোটা দেশের মানুষ দীর্ঘদিন মনে রাখবে। বিরোধীদের এই দ্বিচারিতা ও অরাজকতার রাজনীতিকে জনগণ বারবার ব্যালটের মাধ্যমেই জবাব দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান