Thursday, October 22, 2026
বাড়ি জাতীয় মন্দিরে মন্দিরে চুরি-দুর্নীতি! ‘হিন্দুত্ব বাঁচাতে’ ৯৫০ কিলোমিটার সনাতন স্বাভিমান যাত্রা ‘কংগ্রেসে’র

মন্দিরে মন্দিরে চুরি-দুর্নীতি! ‘হিন্দুত্ব বাঁচাতে’ ৯৫০ কিলোমিটার সনাতন স্বাভিমান যাত্রা ‘কংগ্রেসে’র

মন্দিরে মন্দিরে চুরি-দুর্নীতি! ‘হিন্দুত্ব বাঁচাতে’ ৯৫০ কিলোমিটার সনাতন স্বাভিমান যাত্রা ‘কংগ্রেসে’র

স্যন্দন ডিজিটাল ডেস্ক ২২ অক্টোবর :  এতদিন যে রাজনীতি করত বিজেপি। এবার সেই একই ধাঁচের রাজনীতি করতে চাইছে কংগ্রেস! সনাতন ধর্ম রক্ষার্থে মধ্যপ্রদেশের উচ্ছয়নী থেকে ‘সত্য সনাতন স্বাভিমান যাত্রা’ শুরু করেছেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তাঁর ওই যাত্রা চলবে অযোধ্যা পর্যন্ত। দিগ্বিজয় অবশ্য বলছেন, এই যাত্রার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।


দিগ্বিজয় সিং, বিজেপি ও আরএসএসের কট্টর সমালোচক। আবার নিজেকে গর্বিত হিন্দু বলে পরিচয় দেন। সাধু সন্তদের সঙ্গেও বেশ ভালো যোগাযোগ রয়েছে ‘ডিগগি রাজা’র। তাঁর দাবি, বিজেপি যে হিন্দুত্বের কথা বলে, সেটা আর যা-ই হোক, আসল সনাতন ধর্মের আদর্শের সঙ্গে যায় না। দিগ্বিজয়ের দাবি, বিজেপির শাসনে মন্দিরে মন্দিরে দুর্নীতি হচ্ছে। উজ্জয়নীর মহাকাল মন্দির করিডোরের জমি বণ্টন থেকে শুরু করে অযোধ্যায় রাম মন্দিরের অনুদান চুরি, নিজেদের হিন্দুত্বের রক্ষাকর্তা হিসাবে দাবি করা বিজেপির আমলেই সনাতন ধর্ম ‘খতরে মে’। এরই প্রতিবাদে উজ্জয়নী থেকে অযোধ্যা পর্যন্ত পদযাত্রা শুরু করেছেন তিনি। যার নাম সত্য সনাতন স্বাভিমান যাত্রা।



উজ্জয়নী থেকে অযোধ্যা মোটামুটিভাবে ৯৩০-৯৫০ কিলোমিটার পায়ে হাঁটবেন দিগ্বিজয় সিং। তাঁর সঙ্গে অনুগামীরা। সাধুসন্তদের একটা অংশও ওই পদযাত্রায় যোগ দিয়েছেন। গোটা যাত্রায় ৪০ লক্ষ টাকা খরচ। সেটাও নিজেই দিচ্ছেন দিগ্বিজয়। তাঁর দাবি, এই যাত্রা তাঁর ব্যক্তিগত। দলের কোনও সম্পর্ক নেই। অথচ যাত্রার শুরুর দিন মধ্যপ্রদেশ কংগ্রেসের প্রদেশ সভাপতি জিতু পাটোওয়ারি অংশ নেন। এমনকী বিভিন্ন জেলায় কংগ্রেস নেতারা যাত্রায় সহযোগিতাও করছেন। আসলে মধ্যপ্রদেশের রাজনীতিতে নিজের জন্য জমি খুঁজছেন দিগ্বিজয়। জনমানসে তো বটেই কংগ্রেসের অন্দরেও প্রভাব খুইয়েছেন তিনি। নিজের প্রতিপত্তি পুনরুদ্ধারে সনাতনের নামে যাত্রা শুরু করেছেন তিনি। কংগ্রেসও দিগ্বিজয়ের ওই যাত্রার মাধ্যমে হিন্দু ভোটারদের মধ্যে প্রভাব বাড়াতে চাইছে। সেকারণে সরাসরি ওই যাত্রাকে স্বীকৃতি না দিলেও পরোক্ষে ৩ বারের মুখ্যমন্ত্রীকে সাহায্য করছে দল।


২০১৭ গুজরাট বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ ‘নরম হিন্দুত্বে’র রাজনীতি শুরু করেন রাহুল গান্ধী। মন্দিরে মন্দিরে ঘোরা, নিজেকে পৈতেধারী হিন্দু হিসাবে পরিচয় দেওয়া, প্রচারে নিজেকে শিবভক্ত বলে দাবি করা। সেবার গুজরাটে বিজেপিকে হারাতে না পারলেও বেশ ভালোরকম চ্যালেঞ্জে ফেলেছিল কংগ্রেস। পরের বছর একযোগে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় দখল করে নেয় হাত শিবির। যদিও ২০১৯ লোকসভায় সেই কৌশল কাজ করেনি। তারপর আর সেভাবে হিন্দুত্বের রাজনীতি করতে দেখা যায়নি কংগ্রেসকে। এবার দিগ্বিজয় চলছেন অন্য পথে।



Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha