স্যন্দন ডিজিটাল ডেস্ক ১৬ অক্টোবর : যুদ্ধ হলে ভারত দাঁড়াবে পাকিস্তানের পাশে! বিস্ফোরক মন্তব্য করলেন রাজস্থানের বিজেপি প্রধান তাঁর কথায়, পাকিস্তান ভারতের পড়শি দেশ। তাই পাকিস্তান যদি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে জড়ায়, তাহলে পাকিস্তানের পাশে থাকবে ভারত। প্রশ্ন উঠছে, যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতে নাশকতা ছড়ানোর অভিযোগ, যে দেশের বিরুদ্ধে সবসময় সুর চড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরা-সেই পাকিস্তানের পাশেই কেন দাঁড়াতে চাইছেন বিজেপি নেতা?
বৃহস্পতিবার একটি জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন রাজস্থানের বিজেপি প্রধান মদন রাঠোর। সেখানে বলে বসেন, “দেখুন আমাদের পুরো ব্যাপারটা বুঝতে হবে। যদি ভারতের দিকটা দেখি, তাহলে বলব, যদি আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বেঁধে যায় তাহলে আমরা কিন্তু পাকিস্তানের পাশে থাকব। কারণ পাকিস্তান আমাদের প্রতিবেশী।” তবে খানিকক্ষণের মধ্যেই বলেন, “কিন্তু যখন আমাদের সমস্যা হবে তখন আমরা অবশ্যই ভারতের পাশে থাকব। এটা আমাদের সকলের বোঝা দরকার।”
কিন্তু রাজস্থান বিজেপির প্রধানের ‘পাকিস্তান’ মন্তব্য নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘জঙ্গি দেশ পাকিস্তান, যারা আমাদের সেনা এবং সাধারণ মানুষকে হত্যা করেছে, তাদের প্রতি বিজেপির ভালোবাসা আবারও প্রকাশ্যে এল। রাজস্থানের বিজেপি প্রেসিডেন্ট বলছেন আমেরিকার সঙ্গে যুদ্ধ বাঁধলে তিনি পাকিস্তানের পাশে থাকবে। তাহলে কি নরেন্দ্র মোদি এবং অমিত শাহও পাকিস্তানের সঙ্গে আছেন? সেটা যদি না হয়, তাহলে জানতে চাই এই দেশদ্রোহী মন্তব্যের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়।”
কেবল কংগ্রেসই নয়, বিজেপি নেতার এহেন মন্তব্যের তুমুল সমালোচনা করেছে আপও। নেটিজেনরাও অনেকে লিখছেন, ‘বিজেপি লাভস পাকিস্তান’। কেউ আবার বলছেন, ‘পাকিস্তান এবং বিজেপির একই ডিএনএ রয়েছে।’ তবে বিতর্কের মধ্যে বিজেপি বা মদন কেউই মুখ খোলেননি। ভারত একদিকে যেখানে আমেরিকার সঙ্গে সম্পর্কে উন্নতির চেষ্টা করছে, সেখানে বিজেপির গুরুত্বপূর্ণ নেতার মুখে এমন কথা ওয়াশিংটনও কীভাবে নেবে সেই নিয়ে প্রশ্ন থাকছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান