Sunday, October 11, 2026
বাড়ি জাতীয় মুক্তির পর সাংবাদিক বৈঠকে দীপকে-সৌরভরা, ফের বিক্ষোভের ছক

মুক্তির পর সাংবাদিক বৈঠকে দীপকে-সৌরভরা, ফের বিক্ষোভের ছক

মুক্তির পর সাংবাদিক বৈঠকে দীপকে-সৌরভরা, ফের বিক্ষোভের ছক

স্যন্দন ডিজিটাল ডেস্ক ১১ অক্টোবর : ২৪ ঘণ্টা আটক থাকার পর রবিবার সকালে মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস। তারপর প্রথম সাংবাদিক বৈঠক করলেন তাঁরা। বললেন, “পিছু হটব না।” পাশাপাশি, দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। অন্যদিকে, বিক্ষোভ জারি রাখার জন্য ‘ককরোচ’ নেতারা দেশবাসীকে আর্জিও জানিয়েছেন।


এদিন দীপকে বলেন, “দিল্লিতে বিক্ষোভকারীদের উপর ব্যাপক দমন-পীড়ন হয়েছে। গত ৭২ ঘণ্টায় যা যা হয়েছে তা জরুরি অবস্থাকেও ছাপিয়ে গিয়েছে। কিন্তু আমাদের আন্দোলন চলবে।” সিজেপির মুখপাত্র আশুতোষের অভিযোগ, তাঁদের তিনজনকে আটক নয়, অপহরণ করেছিল দিল্লি পুলিশ। তিনি বলেন, “দিল্লি পুলিশ আমাদের সঙ্গে অমানবিক আচরণ করেছে। শনিবার যখন দীপকেকে তাঁর ঠাকুমার মৃত্যুর খবর জানানো হয়, তখন পুলিশ অত্যন্ত নিষ্ঠুর আচরণ করে।” ‘ককরোচ’ নেতা সৌরভের দাবি, বর্তমান সরকারের পতন আসন্ন। কারণ, এই সরকার তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তাঁর অভিযোগ, সরকার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রক্ষার চেষ্টা করছে। জ্ঞানেশই আসল দেশবিরোধী। সৌরভের অভিযোগ, তাঁকে আর কে পুরম এলাকায় আটক করে রাখা হয়েছিল। বাকি দু’জনকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছিল।


অনুমতি না থাকা সত্ত্বেও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে শনিবার যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল ‘আরশোলা’রা। তবে সেই বিক্ষোভের আগেই কোমর বেঁধে মাঠে নেমেছিল দিল্লি পুলিশ। শনিবার দিল্লিজুড়ে ব্যাপক ধরপাকড় হয়। আন্দোলনে যোগ দেওয়ার জন্য এদিন মুম্বই থেকে রাজধানীর উদ্দেশে রওনা দেন দীপকেরা। ১০টা ১৯ মিনিটে দিল্লি বিমানবন্দরে তাঁদের বিমান নামতেই উড়ানের ভিতর থেকেই তাঁদের আটক করা হয়। তিনজনকে আলাদা আলাদাভাবে নিয়ে যাওয়া হয় অজ্ঞাতস্থানে। এরপর ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ এবং ১৭০ ধারায় তিন সিজেপি নেতাকে সতর্কতামূলক গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, শনিবার সকালে গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয় ধ্রুবকেও।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha