লখনউ, ২৯ আগস্ট (হি.স.): ভারত কেবল একটি প্রধান অর্থনীতি হিসেবেই নয়, বরং নিজস্ব সভ্যতার ঐতিহ্য, সংস্কৃতি ও সক্ষমতার বিষয়ে আস্থাশীল একটি দেশ হিসেবেও আত্মপ্রকাশ করেছে। জোর দিয়ে বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার উত্তর প্রদেশের লখনউতে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় রাজনাথ সিং বলেন, এখন ভারত যখন কথা বলে, তখন বিশ্ব তা শোনে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, 'নতুন ভারত'-এর সবচেয়ে বড় পরিবর্তন হলো—দেশ এখন আর কেবল বৈশ্বিক নিয়মকানুন অনুসরণ করছে না, বরং নিয়ম তৈরির ক্ষেত্রেও অবদান রাখছে।
প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভাষা, সংস্কৃতি ও সভ্যতার প্রতি জাতীয় গর্ববোধ একটি দেশের আত্মনির্ভরশীলতা ও অগ্রগতিকে ত্বরান্বিত করে। তিনি উল্লেখ করেন, ভারত বর্তমানে সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং সরকার ভারতকে অর্থনৈতিক, মানসিক ও সাংস্কৃতিকভাবে—সর্বতোভাবে শক্তিশালী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে। রাজনাথ আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য কেবল ডিগ্রি প্রদানের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং তাদের উদ্দেশ্য হওয়া উচিত দেশ গঠন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এমন তরুণ প্রজন্ম গড়ে তুলতে হবে যাদের মধ্যে দেশ গঠনের প্রবল আকাঙ্ক্ষা এবং ন্যায়বিচার, সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ববোধের আদর্শের প্রতি দৃঢ় অঙ্গীকার রয়েছে। রাজনাথ সিং গত ১২ বছরে ভারতে শিক্ষার গুণমান, সহজলভ্যতা ও সাশ্রয়ী হওয়ার ক্ষেত্রে যে উন্নতি হয়েছে, তা-ও তুলে ধরেন। তিনি জানান, গবেষণা ও উন্নয়নে ব্যয় দ্বিগুণ হয়েছে এবং ৩৪ বছর পর একটি নতুন জাতীয় শিক্ষানীতি কার্যকর করা হয়েছে। রাজনাথ জোর দিয়ে বলেন, এই পরিবর্তনগুলো ভারতীয় তরুণদের অনেক স্টার্টআপ, ইউনিকর্ন এবং উন্নত প্রযুক্তি উদ্ভাবনে উদ্বুদ্ধ করেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান