Saturday, August 22, 2026
বাড়ি জাতীয় রামগড়ে ইস্পাতের পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণ, মৃত তিন

রামগড়ে ইস্পাতের পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণ, মৃত তিন

রামগড়ে ইস্পাতের পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণ, মৃত তিন

রামগড়, ২২ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ডের রামগড় জেলার বরকাকানা ওপি এলাকায় একটি সিমেন্ট ও ইস্পাত পাওয়ার প্ল্যান্টে শুক্রবার গভীর রাতে বিস্ফোরণ হয়। এই দুর্ঘটনায় তিন ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে| আরেকজন ইঞ্জিনিয়ার গুরুতর আহত হয়েছেন। বরকাকানা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রচণ্ড তাপমাত্রার কারণে পাওয়ার প্ল্যান্টের সিস্টেমগুলো ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সুরক্ষা ব্যবস্থা বিকল হয়ে পড়ে। টারবাইন অতিরিক্ত গতিতে ঘুরতে শুরু করায় ভয়াবহ বিস্ফোরণ হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এই দুর্ঘটনায় বোকারোর জাগেশ্বর বিহারের বাসিন্দা বিনীত মাহাতো, ধানবাদের সঞ্জীব কেসরি এবং গাড়োয়া জেলার বাসিন্দা অভিষেক পাণ্ডের ঘটনাস্থলেই মৃত্যু হয়। হাজারিবাগ জেলার বাসিন্দা তরুণ রওয়ানি গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার পর প্ল্যান্টের একজন কর্মচারী অমিত কুমার কর্তৃপক্ষের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেন, পাওয়ার প্ল্যান্টের কন্ট্রোল রুমে আগে থেকেই উচ্চ তাপমাত্রার সঙ্কেত দিচ্ছিল। এসি বিকল হয়ে যাওয়ায় কাজ করাও কঠিন হয়ে পড়েছিল। কর্মচারীরা বারবার কর্তৃপক্ষকে এ বিষয়ে জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, এমনকি কুলিং সিস্টেমও মেরামত করা হয়নি। এদিকে, এই দুর্ঘটনার পর এলাকার ক্ষুব্ধ লোকজন শনিবার রামগড়-পত্রাতু সড়ক অবরোধ করেন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha