চেন্নাই, ১৯ আগস্ট (হি.স.): সরকারি আর্টস ও সায়েন্স কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতিবাদ ও আন্দোলনে অংশগ্রহণে বাধা দেওয়ার জন্য জারি করা বিতর্কিত নির্দেশ প্রত্যাহার করে নিল তামিলনাড়ু সরকার। ছাত্র সংগঠন, রাজনৈতিক দল এবং সমাজকর্মীদের তীব্র প্রতিবাদের পর বুধবার কলেজ শিক্ষা দফতরের অধিকর্তা সিন্ধিয়া সেলভি ওই নির্দেশ প্রত্যাহারের কথা জানান।
এর আগে কলেজ শিক্ষা দফতরের পক্ষ থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রদের প্রতিবাদ-বিক্ষোভ ঠেকাতে পুলিশ এবং কলেজ প্রশাসনের নেওয়া সতর্কতামূলক পদক্ষেপের বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছিল। ভবিষ্যতে এই ধরনের আন্দোলন বন্ধ করতে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, সে বিষয়েও রিপোর্ট চাওয়া হয়। সমস্ত কলেজকে অবিলম্বে রিপোর্ট তৈরি করে পরদিন সকালেই পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। মুখ্যসচিবের নির্দেশের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছিল।
নির্দেশ প্রকাশ্যে আসার পর বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দল সরকারের বিরুদ্ধে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার এবং প্রতিবাদের অধিকার সীমিত করার অভিযোগ তোলে। বামপন্থী ছাত্র সংগঠন-সহ একাধিক সংগঠন এই নির্দেশের সমালোচনা করে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয়।
বিক্ষোভ তীব্র হওয়ার পরই সিদ্ধান্ত বদল করে সরকার। সংশ্লিষ্ট রিপোর্ট এবং নির্দেশ প্রত্যাহারের ঘোষণা করা হয়। কলেজ শিক্ষা দফতরের অধিকর্তা সিন্ধিয়া সেলভির জারি করা নতুন পরিপত্রে বলা হয়েছে, ছাত্রদের প্রতিবাদ-বিক্ষোভে অংশগ্রহণ ঠেকাতে প্রস্তাবিত সমন্বিত পদক্ষেপ সংক্রান্ত আগের নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করা হচ্ছে।
নির্দেশে আরও স্পষ্ট করা হয়েছে, এই বিষয়ে কলেজগুলির পক্ষ থেকে ইতিমধ্যে তৈরি করা রিপোর্ট উচ্চশিক্ষা দফতরে পাঠানোর প্রয়োজন নেই। পাশাপাশি ভবিষ্যতে ছাত্রদের প্রতিবাদ-বিক্ষোভ ঠেকাতে এই ধরনের নিষেধাজ্ঞামূলক নির্দেশ জারি করা হবে না।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান