Tuesday, August 11, 2026
বাড়ি জাতীয়  অশান্তির আশঙ্কায় মমতা-অভিষেকের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী

 অশান্তির আশঙ্কায় মমতা-অভিষেকের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী

 অশান্তির আশঙ্কায় মমতা-অভিষেকের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী


কলকাতা, ৪ মে (হি. স.): ২০২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তনের প্রবল ইঙ্গিত মিলছে। গণনার প্রাথমিক ট্রেন্ড সামনে আসতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে। কোথাও গণনাকেন্দ্রের ভেতরে তৃণমূল প্রার্থীরা আক্রান্ত হওয়ার অভিযোগ উঠছে, আবার কোথাও শাসক দলের পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা রক্ষায় এবং বড় ধরনের অশান্তি এড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, রাজ্যে ১৯১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূল ৯৭টি, বাম জোট ৩টি এবং অন্যান্যরা ২টি আসনে এগিয়ে। জয়ের এই ইঙ্গিত পেতেই রাজ্যজুড়ে গেরুয়া আবির মেখে বিজয়োল্লাসে মেতে উঠেছেন বিজেপি কর্মী-সমর্থকেরা। মিষ্টিমুখ ও লাড্ডু বিতরণের পাশাপাশি চলেছে স্লোগান-পাল্টা স্লোগান। তবে এই উল্লাসের মাঝেই একাধিক জায়গায় সংঘর্ষের খবর সামনে এসেছে।

আসানসোলে গণনাকেন্দ্রের বাইরে তৃণমূল নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। শুধু তাই নয়, বীজপুর ও নোয়াপাড়ার তৃণমূল প্রার্থীরাও বুথের ভেতরে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। এই ঘটনাগুলোতে ক্ষুব্ধ কমিশন সংশ্লিষ্ট পুলিশ কমিশনার ও জেলাশাসককে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

ট্রেন্ড সামনে আসতেই দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকাতেও বিজেপির উল্লাস চোখে পড়েছে। তৃণমূলের গড় বলে পরিচিত এই এলাকায় যাতে কোনওভাবেই আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। আগে থেকেই সেখানে পুলিশের কড়া নিরাপত্তা থাকলেও, বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিচার করে কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব দিল কমিশন।

ভোটের ফল যত স্পষ্ট হচ্ছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিজয় মিছিলে কমিশনের নিষেধাজ্ঞা থাকলেও, বিভিন্ন জায়গায় স্বতঃস্ফূর্ত জমায়েত ও বিশৃঙ্খলার খবর প্রশাসনের উদ্বেগ বাড়াচ্ছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha