Sunday, October 18, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ইসলামাবাদের মাথায় ঋণের বোঝা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৩ লক্ষ কোটি টাকা

ইসলামাবাদের মাথায় ঋণের বোঝা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৩ লক্ষ কোটি টাকা

ইসলামাবাদের মাথায় ঋণের বোঝা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৩ লক্ষ কোটি টাকা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ জুন : ইসলামাবাদের মাথায় ঋণের বোঝা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৩ লক্ষ কোটি টাকা (৭৬ লক্ষ কোটি পাকিস্তানি রুপি)। চলতি অর্থবর্ষের প্রথম ন’মাসের (পাকিস্তানের অর্থবর্ষ শুরু হয় জুলাই থেকে) পরিসংখ্যান তুলে ধরে এমনটাই জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সরকার। সোমবারই সে দেশের অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ ঔরঙ্গজ়েব।

পাকিস্তানের পার্লামেন্টে মঙ্গলবার ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করার কথা শাহবাজ়দের জোট সরকারের। তার আগে সোমবার অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে পাক অর্থমন্ত্রীর দাবি, গত দু’বছর ধরে পাকিস্তানের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। চলতি অর্থবর্ষে (২০২৪-২৫) পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হয়েছে। চলতি অর্থবর্ষের প্রথম ন’মাসে পাকিস্তান সরকার যেমন দেশীয় ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছে, তেমনই বিদেশ থেকেও ঋণ নিয়েছে। অর্থবর্ষের প্রথম ন’মাসের হিসাবে পাকিস্তানের বিভিন্ন ব্যাঙ্ক থেকে শাহবাজ় সরকারের ঋণ রয়েছে ৫১ লক্ষ ৫০ হাজার কোটি পাকিস্তানি রুপি। অন্য বিভিন্ন জায়গা থেকে তাদের ঋণ রয়েছে ২৪ লক্ষ ৫০ হাজার কোটি পাকিস্তানি রুপির।

সোমবার অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট প্রকাশের সময় পাক অর্থমন্ত্রী জানান, ২০২৩ সালে সে দেশে জিডিপি ০.২ শতাংশ কমে গিয়েছিল। ২০২৪ সালে সেখান থেকে পরিস্থিতি উন্নত হয়েছে। ২০২৪ সালে পাকিস্তানের জিডিপি বৃদ্ধির হার ২.৫ শতাংশে পৌঁছেছে। ২০২৫ সালে এই বৃদ্ধির হারকে ২.৭ শতাংশ পর্যন্ত নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে পাকিস্তানের। ২০২৩ সালের তুলনায় গত বছরে পাকিস্তানের বৈদেশিক মুদ্রাভান্ডারও বৃদ্ধি পেয়েছে বলে দাবি পাক অর্থমন্ত্রীর। মঙ্গলবার পাকিস্তানের পার্লামেন্টে নতুন অর্থবর্ষের বাজেট পেশ হবে। তার পরে বুধ-বৃহস্পতি পার্লামেন্ট বন্ধ থাকবে এবং শুক্রবার থেকে বাজেট নিয়ে আলোচনা শুরু হবে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha