স্যন্দন ডিজিটেল ডেস্ক, অক্টোবর ২৯ : যুদ্ধের বলি ছাপোষা আমজনতা। এবার ইউক্রেনের একটি ভিড় ট্রেন স্টেশনে ভয়ংকর ড্রোন হামলা চালাল রাশিয়া। এই ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। ইউক্রেনের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে ওই হামলা হয় নিপ্রো রেল স্টেশনে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
সোশাল মিডিয়া প্লাটফর্ম টেলিগ্রামে ইউক্রেন রেলের তরফে জানানো হয়েছে, হামলার সময় নিপ্রো স্টেশন থেকে জাপোরজাইয়ের দিকে যাচ্ছিল একটি ট্রেন। তখনই একটি প্লাটফর্মে আছড়ে পড়ে রুশ ড্রোন। মুহুর্তে ভয়ংকর বিস্ফোরণ ঘটে। এর জেরে মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ইউক্রেন রেলের পোস্টে বলা হয়েছে, “শত্রুপক্ষ নিপ্রো রেলওয়ে স্টেশনে একটি জেট-চালিত মানববিহীন আকাশযান (ড্রোন) ব্যবহার করে হামলা চালিয়েছে। এই হামলায় স্টেশনের একটি প্ল্যাটফর্মে বিস্ফোরণ ঘটে। সেই মুহূর্তে ওই প্লাটফর্মে ৮৬৬ নম্বর ট্রেনটি (নিপ্রো-জাপোরজাই) দাঁড়িয়েছিল। ইউক্রেন রেলের তরফে আরও বলা হয়, ‘হাই অ্যালার্ট’ জারি থাকলেও প্লাটফর্ম একাধিক যাত্রী থাকায় মৃত্যুর ঘটনা ঘটেছে।
আমজনতার জরুরি পরিষেবা রেল স্টেশনে রুশ হামলায় ক্ষুব্ধ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই ভয়ংকর হামলার ঘটনায় মস্কোর বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে তিনি জানান, রাশিয়ার জ্বালানি ক্ষেত্রের ওপর থেকে সম্প্রতি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এরপর পরিস্থিতি শান্ত করার পরিবর্তে ইউক্রেনের সাধারণ মানুষের ওপর একের-পর-এক সন্ত্রাসী হামলা চালাচ্ছে রাশিয়া।
উল্লেখ্য, ইউক্রেনের রাষ্ট্রীয় রেল অপারেটেরের তথ্য অনুযায়ী, গত মাসে ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্রোন আঘাত হানে। এর কিছুক্ষণ আগেই ইউক্রেন সফররত ব্রিটেন ও সুইডেনের প্রাক্তন প্রধানমন্ত্রী-সহ উচ্চপদস্থ কর্তারা ওই পথ দিয়ে গিয়েছিলেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান