Sunday, August 16, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ধসের কবলে নেপালের মুক্তিনাথ যাওয়ার পথ, মাঝরাস্তায় আটকে বহু পুণ্যার্থী

ধসের কবলে নেপালের মুক্তিনাথ যাওয়ার পথ, মাঝরাস্তায় আটকে বহু পুণ্যার্থী

ধসের কবলে নেপালের মুক্তিনাথ যাওয়ার পথ, মাঝরাস্তায় আটকে বহু পুণ্যার্থী

কাঠমান্ডু, ১২ মে (হি.স.): নেপালের অন্যতম পবিত্র তীর্থস্থান মুক্তিনাথ যাওয়ার রাস্তায় মঙ্গলবার সকালে ধস নামার কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে। এর ফলে মুক্তিনাথগামী পুণ্যার্থী ও পর্যটকরা মাঝরাস্তায় আটকে পড়েছেন। ম্যাগদী জেলার অন্নপূর্ণা সংলগ্ন মহভীরে ধস নামার জেরে এদিন সকাল থেকে মুস্তাংকে জাতীয় সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা ‘বেনী–জোমসোম–কোরলা’ সড়কপথটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই রাস্তাটি দিয়েই প্রসিদ্ধ মুক্তিনাথ ক্ষেত্রে যেতে হয়।

বড় পাথর ও কাদার স্তূপসহ নামা এই ধসের কারণে ৭৬ কিলোমিটার দীর্ঘ বেনী-জোমসোম সড়কখণ্ডে সরাসরি যান চলাচল ব্যাহত হয়েছে। রাস্তা বন্ধ হওয়ার ফলে বেনী থেকে মুস্তাং এবং জোমসোম থেকে বেনীর অভিমুখে যাওয়া যানবাহনগুলি মাঝপথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। আটকে পড়া যাত্রীদের মধ্যে অধিকাংশেই পর্যটক এবং পুণ্যার্থী, যাঁরা মুক্তিনাথ দর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

মুস্তাং জেলা পুলিশ কার্যালয়ের মুখপাত্র সাগর তিমিলসিনা জানিয়েছেন যে, রাস্তাটি পুনরায় সচল করার জন্য সড়ক বিভাগের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কর্মী নিয়োগ করা হয়েছে। দ্রুত ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার প্রচেষ্টা চালানো হচ্ছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha