Thursday, October 15, 2026
বাড়ি বিশ্ব সংবাদ পাক-হামলায় তিন ক্রিকেটার-সহ ১০ জনের মৃত্যুর পরে হুঁশিয়ারি তালিবানের, তবে দোহায় শান্তি-বৈঠকেও থাকবে কাবুল

পাক-হামলায় তিন ক্রিকেটার-সহ ১০ জনের মৃত্যুর পরে হুঁশিয়ারি তালিবানের, তবে দোহায় শান্তি-বৈঠকেও থাকবে কাবুল

পাক-হামলায় তিন ক্রিকেটার-সহ ১০ জনের মৃত্যুর পরে হুঁশিয়ারি তালিবানের, তবে দোহায় শান্তি-বৈঠকেও থাকবে কাবুল

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৮ অক্টোবর : জবাব দেবে আফগানিস্তানও। পাকিস্তানের হামলার পরে এমনটাই হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তানের তালিবান প্রশাসন। প্রশাসনের এক কর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। ওই কর্তা আরও জানিয়েছেন, পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে, পাকতিকা প্রদেশের তিন জায়গায় বোমা ফেলেছে। আফগানিস্তানের হাসপাতাল সূত্রে খবর, সেই বিমান হানায় প্রাণ হারিয়েছেন ১০ জন। হুঁশিয়ারি দিলেও আফগানিস্তান জানিয়ে দিয়েছে, শনিবার দোহায় পাকিস্তানের সঙ্গে শান্তি-বৈঠকে উপস্থিত থাকবে তারা।

আফগানিস্তান প্রশাসনের মুখপাত্র জ়াবিহুল্লা মুজাহিদ বিবৃতি দিয়ে বলেন, ‘‘প্রতিশ্রুতিমতো শনিবার দোহায় পাকিস্তানের সঙ্গে আলোচনা হবে।’’ ইতিমধ্যে সে দেশের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মহম্মদ ইয়াকুবের নেতৃত্বে আফগান সরকারের একটি প্রতিনিধিদল দোহার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানান ওই মুখপাত্র। সংবাদমাধ্যম আরব নিউজ় সূত্রের খবর, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ এবং গোয়েন্দা প্রধান শনিবার দোহার বৈঠকে যোগ দিতে যাচ্ছেন।

আফগানিস্তানের হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে পাকিস্তানি হামলায় নিহত ১০ জনের মধ্যে দুই শিশুও রয়েছে। আরও ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন আফগানিস্তানের তিন ক্রিকেটারও। নিহতেরা হলেন কবীর, শিবঘাতুল্লা এবং হারুন। তাঁরা পাকতিকা প্রদেশে খেলতে গিয়েছিলেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে উদ্ধৃত করে জানিয়েছে এএফপি। ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে, তিন দেশের টি-২০ সিরিজে খেলবে না তাদের দল। পরের মাসে শুরু হওয়ার কথা সেই সিরিজ়।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha